চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ আগস্ট) রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ আইসিপি চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৩৯৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, ৩টি ভারতীয় শাড়ি, ৯১ পিস মলম ও ২৪ পিস কনফেকশনারি জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫ হাজার ৪০০ টাকা।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ভারতীয় পাসপোর্টধারী যাত্রী দীর্ঘদিন ধরে মাল্টিপল ভিসার মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশে ভ্রমণ করে আসছিলেন। একই সঙ্গে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে নিয়ে আসছিলেন বলেও জানায় বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে চোরাচালান অনেকাংশে কমেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারি প্রতিবেশী দেশের চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশ করে বৈধ পথে অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের অর্থনীতির ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।
জব্দ করা পণ্যগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মন্তব্য করুন