বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘোষপাড়াস্থ ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য-সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মন্তব্য করুন