‘মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষিদ্ধ জাল বিক্রয়ের উদ্দেশে দোকানে রাখার দায়ে ব্যবসায়ী শাজাহান শেখ ও জাহাঙ্গীর শেখকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তারুজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার ও কোষ্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মোঃ হাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,রাষ্ট্রীয়ভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এর আওতায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করায় মোরেলগঞ্জ সদর বাজার ও পানগুছি নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।