
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় নিয়মিতভাবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ১২ মার্চ ২০২৬ তারিখ গভীর রাতে রাজশাহীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে রাত আনুমানিক ২টার দিকে ইউসুফপুর বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানাধীন ইউসুফপুর সিপাহী পাড়া এলাকার একটি বাঁশবাগানে অবস্থান নেয়। বিজিবি সদস্যরা সেখানে সম্ভাব্য মাদক চোরাচালান প্রতিরোধে দীর্ঘ সময় ওৎ পেতে থাকে।
একপর্যায়ে তারা দেখতে পায়, কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের বস্তায় করে সন্দেহজনক কিছু মালামাল নিয়ে বাঁশবাগানের দিকে আসছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তাটি ফেলে দ্রুত রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত মদের কোনো মালিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।
একই রাতে রাজশাহী জেলার আরও দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। রাত আনুমানিক ২টার দিকে সাহেবনগর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়।
এছাড়া রাত আনুমানিক ৪টার দিকে মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানাধীন পিরোজপুর রাওথা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৩৬টি যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব চোরাচালান পণ্য ও মাদকদ্রব্যের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার এবং মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন