বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন মো. দেলোয়ার হোসেন শেখ (৬০) ও মো. কাইয়ুম শেখ (৩৫)। তাদের মধ্যে কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিত্রডাঙ্গ গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে কাইয়ুম শেখ এবং নুরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে দেলোয়ার শেখকে আটক করা হয়।
অভিযানে দেলোয়ার শেখের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অন্যদিকে কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কাইয়ুম ও দেলোয়ারকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন