চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদ, আব্দুল আজিজ খানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন