চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সকালে ডিএনসির উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান, উপ-পরিদর্শক মো. মামুনুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শহীদদের আদর্শ ধারণ করে দেশ গঠন এবং মাদকমুক্ত, সচেতন ও দায়িত্বশীল সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন