সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে জগন্নাথপুর থানার এসআই (নিরস্ত্র) মো. বিন আমিন ও এএসআই (নিরস্ত্র) ভানু লাল রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গত ১৩ জুন দায়ের করা একটি মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. লুকু মিয়া (২৭)কে উপজেলার পাটলী ইউনিয়নের নন্দীরগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আসকর আলীর ছেলে। মামলাটি পেনাল কোডের একাধিক ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে পৃথক আরেকটি অভিযানে জগন্নাথপুর পৌরসভা এলাকা থেকে নন-জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে আটক করা হয়। তারা হলেন উপজেলার ভরতপুর (ভরত ছিক্কা) গ্রামের মৃত চন্দন মিয়ার ছেলে আব্দুন নুর (৩৫), মৃত আব্দুস সালামের ছেলে সাহাদ মিয়া (৩৬) এবং মৃত আনোয়ার হোসেনের ছেলে সৈয়দ মো. আব্দুল কাইয়ুম ওরফে মঘাই (৩১)।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
মন্তব্য করুন