মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পাটক্ষেতে কাজ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মুস্তাফিজুর রহমান বাবলু (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে দুর্গাপুর মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুস্তাফিজুর রহমান বাবলু দুর্গাপুর গ্রামের মৃত গোলাম সারোয়ার ফকিরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে নিজের পাটক্ষেতে নিড়ানির কাজ করতে যান বাবলু। দুপুর আনুমানিক ১২টার দিকে কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। তার চিৎকার শুনে আশপাশের কৃষকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল আনুমানিক ৩টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, মাঠে কৃষিকাজের সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকদের আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
মন্তব্য করুন