পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে এই বিশেষ ঈদ উপহার প্রদান করা হয়।
বুধবার (২৭ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের মতো ধর্মীয় উৎসবে নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় সুধীজনরা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দরিদ্র মানুষের জন্য নগদ সহায়তা অনেক বড় স্বস্তি। ঈদের আগে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করবে।
জানা গেছে, সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল প্রতি বছর বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে অসহায় মানুষের জন্য নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকার স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন