মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে সংঘটিত আলোচিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পিবিআই মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন এ তথ্য জানান।
পিবিআই জানায়, গত ২২ জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) এক লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আলীনগর চা-বাগান ফ্যাক্টরির দক্ষিণ পাশে কালী মন্দির এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তার পথরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন ২৩ জুন ভুক্তভোগী কমলগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’-কে শনাক্ত করা হয়।
পরবর্তীতে পিবিআইয়ের একটি দল চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়, যা ভুক্তভোগী শনাক্ত করেছেন বলে জানায় পিবিআই।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন (পিপিএম-সেবা) জানান, গ্রেপ্তার হওয়া সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশ সুপার।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান আছে।
মন্তব্য করুন