কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকাসহ গেন্দি ওরফে মর্জিনা আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সোনাহাট স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উপজেলার সোনাহাট বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, গেন্দি ওরফে মর্জিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি সোনাহাট স্থলবন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় তাকে গ্রেফতারের চেষ্টা করলেও তিনি কৌশলে পুলিশের নজর এড়িয়ে পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক কেনাবেচা চালিয়ে আসছিলেন। অবশেষে শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন