চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সময় অতিরিক্ত মানুষের চাপের কারণে মঞ্চ ধসে অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, এনামুল হক, জসিম উদ্দীন, জেলা প্রশাসক জাহেদ মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, সদস্য ইখতিয়ার হোসেন, জসিম উদ্দীন, মোজাম্মেল হক বেলালসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক ব্যক্তি একসঙ্গে ওঠায় হঠাৎ করেই সেটি ধসে পড়ে। এ ঘটনায় ত্রাণ নিতে আসা মিনু আক্তার, আয়শা আক্তার, রাশেদা আক্তার ও মো. আয়ুবসহ কয়েকজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আয়োজকদের অন্যতম যুবদল নেতা ইফতেখার উদ্দীন সুমন বলেন, মঞ্চের ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত লোক উঠে যাওয়ায় এটি ভেঙে পড়ে। তিনি জানান, ডেকোরেশন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মঞ্চটি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে বলে জানানো হয়েছিল। এছাড়া প্রচণ্ড গরমের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, অনুষ্ঠানে প্রায় ৫ হাজার বন্যার্ত মানুষের মধ্যে ১২ ধরনের ত্রাণসামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ত্রাণ বিতরণের জন্য কোনো পূর্বনির্ধারিত তালিকা প্রস্তুত করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন