চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে পটিয়া প্রেস ক্লাব।
শনিবার এক বিবৃতিতে ক্লাবের সদস্যবৃন্দ জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেনকে নিয়ে ‘চেয়ার চুরি’ সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে বলা হয়, সভাপতি নুর হোসেন তার একটি পারিবারিক অনুষ্ঠানের প্রয়োজনে ক্লাবের সদস্যদের অবগত করে প্রেস ক্লাব থেকে দুটি চেয়ার সাময়িকভাবে নিয়ে যান এবং অনুষ্ঠান শেষে যথারীতি চেয়ার দুটি ফেরত দেন। বিষয়টি ক্লাবের একাধিক সদস্যের জানা ছিল এবং এতে কোনো ধরনের অনিয়ম বা অসদুদ্দেশ্য ছিল না।
কিন্তু ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট উপেক্ষা করে সিসিটিভি ফুটেজের আংশিক অংশ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চেয়ার চুরি’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। পটিয়া প্রেস ক্লাবের মতে, এটি একজন সাংবাদিক নেতার ব্যক্তিগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করে দায়িত্বশীল আচরণ বজায় রাখা উচিত।
বিবৃতিতে স্বাক্ষর করেন পটিয়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
মন্তব্য করুন