‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে পল্লী উন্নয়ন কার্যক্রমের উপকারভোগীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. হাসিবুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. রুস্তম আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপাল হাওলাদার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন কার্যক্রমবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সফল উপকারভোগীদের অভিজ্ঞতা বিনিময় এবং শ্রেষ্ঠ উপকারভোগীদের পুরস্কৃত করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে ক্ষুদ্রঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের কার্যক্রম টেকসই গ্রামীণ উন্নয়নে আরও গতি সঞ্চার করবে বলে তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন