চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলমের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে দুপুর ১টা ৫ মিনিটে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা-১ গ্রামের ঈদগাহ মাঠের পূর্ব পাশের একটি কাঁচা রাস্তা থেকে মো. আরিফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি কাঞ্চনতলা-১ গ্রামের মো. আশুরুদ্দিনের ছেলে।
একই দিন রাত ১০টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মো. আউয়াল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর ইউনিয়নের আনারপুর গ্রামের মাধাইপুর-জাতাহার সড়কসংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে মো. রুমোন আলী (২০) নামে আরেকজনকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি নিমাইন আনারপুর গ্রামের মো. সানাউল হকের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক-সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।
মন্তব্য করুন