মাগুরার শ্রীপুর থানার উদ্যোগে মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন তার বক্তব্যে বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন