ঢাকার সাভারে আদালতের রায় অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে টাকার বিনিময়ে লোক ভাড়া করে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজনকে একজন ব্যক্তি টাকা বিতরণ করছেন বলে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় নুরুজ্জামান নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি হাউজিং প্রকল্পের প্রায় ১০০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে একটি পক্ষের দখলে রয়েছে। অভিযোগ রয়েছে, অবশিষ্ট আরও ২০০ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে আইরিন, মাসুদ এবং স্থানীয় শিক্ষক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রভাবশালী চক্র নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে আদালতের সর্বশেষ রায় ও ডিক্রি অনুযায়ী জমিটির বৈধ মালিক নুরুজ্জামান বলে দাবি করা হয়েছে।
জমির মালিক নুরুজ্জামান বলেন, “জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উচ্চ আদালতে আপিল হয়েছিল এবং আদালত আমার পক্ষেই চূড়ান্ত রায় দিয়েছেন। জমির আরএস রেকর্ড সংশোধন, নামজারি ও খাজনা পরিশোধসহ সব ধরনের আইনগত প্রক্রিয়া সম্পন্ন রয়েছে। কিন্তু একটি পক্ষ ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার জমি দখলের চেষ্টা করছে।”
তিনি আরও অভিযোগ করেন, “আমাকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা চাঁদাবাজি মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আমি জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও জমি দখলের উদ্দেশ্যে ভাড়া করা লোকজন দিয়ে মানববন্ধনের আয়োজন করেছে। ভাইরাল হওয়া ভিডিও তারই প্রমাণ।”
এদিকে মানববন্ধনের পেছনে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং জমি সংক্রান্ত অভিযোগের বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে বলে জানা গেছে।
মন্তব্য করুন