পিরোজপুরের ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক হতদরিদ্র ঝালমুড়ি বিক্রেতার প্রায় দেড় শতাধিক ফলন্ত কলাগাছ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
গত বুধবার (২৯ এপ্রিল) উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালমুড়ি বিক্রেতা মো. শাহ আলম হাওলাদারের ছেলে গত মঙ্গলবার প্রতিবেশী মো. ছালাম হাওলাদারের একটি নারিকেল গাছের চারটি ডেগা কেটে ফেলে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরবর্তীতে ওই ঘটনার জের ধরেই পরদিন বুধবার প্রতিশোধ হিসেবে ছালাম হাওলাদার, তার ছেলে মিরাজ হাওলাদার ও রিয়াজ হাওলাদার মিলে শাহ আলমের দুটি প্লটে থাকা ১২৫টি ফলন্ত কলাগাছসহ অসংখ্য পেঁপে গাছ কেটে ফেলে।
স্থানীয়রা জানান, গাছ কাটার সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র (দা) নিয়ে তেড়ে আসে। এতে আতঙ্কে কেউ এগিয়ে যেতে পারেনি।
ভুক্তভোগী শাহ আলম হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঝালমুড়ি বিক্রি করে জমা টাকায় কলাগাছ লাগিয়েছিলাম। কিছু দিনের মধ্যেই প্রায় লক্ষাধিক টাকার ফল বিক্রি করতে পারতাম। সামান্য একটা ঘটনায় তারা আমার সব স্বপ্ন শেষ করে দিল।”
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ভুক্তভোগী শাহ আলম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন