বাগেরহাট জেলার শ্রেষ্ঠ রেডক্রিসেন্ট ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য মোঃ জাকির হোসেন রিয়াজ।
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলী। বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর সেখ মোস্তাহিদুল আলম রবির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, ইউনিটের সেক্রেটারি মাহাবুবর রহমান টুটুল, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উপজেলার যুব রেডক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা এবং সমাজ উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করতে রেডক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতায় মোঃ জাকির হোসেন রিয়াজের অবদান প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।
মন্তব্য করুন