দিনাজপুরের বীরগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মানবিক সংগঠন হিউম্যানিটি ফার্স্ট কানাডার অর্থায়নে এবং হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের বাস্তবায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইয়াদ গার্ডেনের সামনে আয়োজিত অনুষ্ঠানে ২২৯টি প্রান্তিক ও অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। তিনি উপকারভোগীদের হাতে কুরবানির মাংস তুলে দেন এবং আয়োজকদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় সাংবাদিক আব্দুর রাজ্জাক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে ইউসুফ আলী বলেন, “পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মানবসেবা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”
মাংস পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান সময়ে অনেক পরিবার অর্থনৈতিক সংকটে রয়েছে। এমন উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।
স্থানীয়রা জানান, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
মানবিক এই কর্মসূচির মাধ্যমে ঈদের প্রকৃত চেতনা—ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার বার্তা আরও একবার তুলে ধরা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন