দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় জনজীবন যখন অতিষ্ঠ, তখন স্বস্তির খোঁজে গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও ওয়াটার পার্কে ভিড় করছেন হাজারো মানুষ। বিশেষ করে সুইমিং পুল ও ওয়াটারফ্রন্টগুলোতে প্রতিদিনই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।
সরেজমিনে চন্দ্রা, মৌচাক, মধ্যপাড়া ও সফিপুর এলাকার বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত সুইমিং পুলগুলোতে মানুষের ঢল নেমেছে। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বয়স্করাও গরম থেকে স্বস্তি পেতে পানিতে সময় কাটাচ্ছেন।
অনেক পরিবার সন্তানদের নিয়ে বিনোদন কেন্দ্রে ছুটে আসছেন। কেউ সাঁতার কাটছেন, কেউ পানিতে খেলাধুলা করছেন, আবার কেউ ছায়াঘেরা স্থানে বসে অবসর সময় পার করছেন। অধিকাংশ পুলেই ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি মানুষ অবস্থান করতে দেখা গেছে।
মৌচাক এলাকার বাসিন্দা আলামিন হোসেন বলেন, “দুই দিন ধরে প্রচণ্ড গরমে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। বাচ্চারাও অস্থির হয়ে উঠেছিল। তাই পরিবার নিয়ে পুলে এসেছি। কিছুক্ষণ পানিতে থাকার পর স্বস্তি লাগছে।”
হঠাৎ দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপনা চাপে পড়েছে। অধিকাংশ স্থানে নিরাপত্তা ও তদারকির দায়িত্বে থাকা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।
অভিভাবকদের অভিযোগ, অনেক পুলে পর্যাপ্ত সংখ্যক লাইফগার্ড নেই। ফলে শিশু ও সাঁতার না জানা দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
একটি রিসোর্টের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি মানুষ আসছেন। আমরা নিয়মিত সতর্কবার্তা প্রচার করছি এবং নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।”
এদিকে চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, অতিরিক্ত ভিড় থাকা সুইমিং পুলে দীর্ঘ সময় অবস্থান করলে চর্মরোগ, চোখের সংক্রমণ ও বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বিশুদ্ধ পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
তীব্র গরম অব্যাহত থাকায় আগামী কয়েকদিনও কালিয়াকৈরের বিভিন্ন ওয়াটার পার্ক ও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন