সিলেটের বিশ্বনাথে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (১২ জুন) বিকেলে বিশ্বনাথ পৌর এলাকার হযরত ওমর ফারুক (রা.) একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির ও সিলেট জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান। তিনি “ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি” শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আব্দুল হান্নান, নজরুল ইসলাম এবং হাকিম নাজিম উদ্দিন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বাছাইকৃত কর্মীরা অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক এবং নৈতিক যোগ্যতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়ভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য কর্মীদের প্রস্তুত থাকতে হবে।
তারা আরও বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে দক্ষ, সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব তৈরির বিকল্প নেই। সে লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালা শেষে অতিথিরা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
মন্তব্য করুন