
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিতা রুদ্র পাল (৩৩) গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর অভিযুক্ত পিন্টু রুদ্র পাল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।
পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, “দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন