গণভোটের রায় বাস্তবায়ন, জনদূর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপ নেয় বলে দাবি করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
শনিবার (২০ জুন) দুপুরে খুলনা সার্কিট হাউস ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আয়োজকদের দাবি, সমাবেশস্থল ও আশপাশের পুরো এলাকা জনসমাগমে ভরে ওঠে।

সমাবেশে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের ৫৫ বছর বয়সী প্যারালাইসিস আক্রান্ত মো. শহীদুল ইসলাম সমাবেশে অংশ নিতে আসেন। তিনি জানান, কঠিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও গণআন্দোলনের অংশ হতে তিনি খুলনায় এসেছেন।
একই জেলার ইঞ্জিনিয়ার মুজাহিদ বলেন, খুলনায় বহু সমাবেশ দেখেছেন, তবে এত বিশাল জনসমাগম তিনি আগে কখনও দেখেননি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
সমাবেশ সঞ্চালনা করেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ, এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং জনদাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
আয়োজকদের দাবি, এই সমাবেশ খুলনা বিভাগের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাগমে পরিণত হয়।
মন্তব্য করুন