বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার (২৪) নামে এক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধী মেয়ে মীম আক্তার শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে শারীরিক যন্ত্রণায় নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মিলন জোমাদ্দার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার পর খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে মীমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে আটক করে পুলিশে খবর দেন। পরে মধ্যরাতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেপ্তার দেখায়।
মোরেলগঞ্জ থানায় দায়ের করা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় রুজু করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “নিহত মীম আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
মন্তব্য করুন