পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক মৃধা, শিক্ষক এ কে এম শাকিল আহমেদ, মিসেস কিরণ প্রভা, পারভেজ তালুকদার, প্রতিভা মণ্ডল, ফাতিমা আক্তারসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ বৃক্ষ একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে, অন্যদিকে মানুষের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে।
উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং সবুজায়নের এই কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন