‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা, ঋণ বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলিম এবং কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বিআরডিবির পক্ষ থেকে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন