মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় অভিযান চালিয়ে এক বিক্রেতাকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিক্রেতা জামাল মিয়া (৪০)কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি মৃত ঈমান আলীর ছেলে এবং কুলাউড়া পৌরসভার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রি করার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জামাল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ জব্দ করা হয়। জব্দকৃত বীজ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক জামাল মিয়া স্থানীয় বীজ ডিলার মো. নিজাম মিয়া পরিচালিত নিজাম ট্রেডার্স থেকে এসব বীজ সংগ্রহ করেছেন। বিষয়টি আরও তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারের গুদাম পরিদর্শন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, “সরকারি ভর্তুকিপ্রাপ্ত কৃষি উপকরণ বা সরকারি ট্যাগযুক্ত বীজ কোনোভাবেই অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন