সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সিলেট সফরকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও রেললাইন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা স্টেশন এবং রেললাইনের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
এ সময় স্থানীয়রা রেলওয়ের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর মন্ত্রী সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী রেলওয়ে স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশন ও রেললাইনের সমস্যা সরেজমিনে পরিদর্শন করা হবে।
মন্তব্য করুন