সরকারি ও বেসরকারি সংস্থার (জিও-এনজিও) মধ্যে সমন্বয় জোরদার এবং টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে এডাবের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে জেলার বিভিন্ন এনজিও সংস্থার প্রধান ও প্রতিনিধিদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন।
এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ কামাল এনজিও সংস্থার ওপর মূল ধারণাপত্র উপস্থাপন করেন।
এডাব ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. শাহ আলম খলিফার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার এবং সহ-সভাপতি জিয়াউল হাসান পলাশ।
বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়নমূলক কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে জেলা ও উপজেলার বিভিন্ন এনজিও সংস্থার প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন