জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় যানবাহন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
রোববার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি আশরাফ উদ্দিন বকুল। তাঁর উদ্যোগে রায়পুরা থানা পুলিশের জন্য ভ্যান দুটি দেওয়া হয়। পরে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্টদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, শুধু পুলিশকে দায়িত্ব দিলেই হবে না, সেই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তাদের প্রয়োজনীয় সক্ষমতাও দিতে হবে। রায়পুরা থানায় নতুন দুটি পুলিশ ভ্যান যুক্ত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমপি বকুল আরও বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। অপরাধ দমনে পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত পুলিশের সেবা পায়, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রায়পুরা থানা পুলিশ জানায়, নতুন দুটি ভ্যান যুক্ত হওয়ায় থানার নিয়মিত টহল, জরুরি সেবা, অভিযান পরিচালনা এবং প্রত্যন্ত এলাকায় দ্রুত যাতায়াতের সক্ষমতা বাড়বে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, রায়পুরা থানার পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন