দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্যসহ একজনকে আটক করেছে বিজিবি। এসব অভিযানে একটি মোটরসাইকেল, ১৭৪ পিস ইয়াবা, ৯৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও ১ হাজার ৫১৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টা পর্যন্ত জলপাইতলী বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প, অচিন্তপুর বিওপি ও চৌঠা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানগুলোতে বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন আসামিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ও বিভিন্ন স্থান থেকে উল্লিখিত মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি মোটরসাইকেল, ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, ৯৮৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৫১৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ।
বিজিবির তথ্যমতে, জব্দ করা মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ৫ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং এর সঙ্গে জড়িতদের আটকের কার্যক্রম আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন