চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে। পুলিশের উদ্যোগে আলোচনার পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছে দুই সংগঠন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দুই পক্ষের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএমের নেতৃত্বে দুই শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, লোকাল বাস থেকে উত্তোলন করা ৩০ টাকা চাঁদা দুই শ্রমিক সংগঠন ১৫ টাকা করে ভাগ করে নেবে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী দূরপাল্লার বাসের চাঁদা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ৪০ টাকা দুই সংগঠন ২০ টাকা করে ভাগ করে নেবে।
সমঝোতা অনুযায়ী, এখন থেকে উভয় শ্রমিক সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাসস্ট্যান্ড থেকে নির্ধারিত চাঁদা উত্তোলন করবে। তবে হরিপুর এলাকা থেকে কোনো সংগঠন চাঁদা উত্তোলন করবে না।
বৈঠক শেষে দীর্ঘদিনের বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুই সংগঠনের নেতারা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন। এতে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
সংশ্লিষ্টরা জানান, দুই শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএমের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন