চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বালুমহালের ঠিকাদার মো. আজিজুল ইসলামের অফিস ও বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বাখরআলি ও আলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ইজারাকৃত পদ্মা নদীর বালুমহাল থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটি হলো—সদর থানার মামলা নম্বর ৪৬ ও ৪৭, তারিখ ১৯ আগস্ট ২০২৬।
মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে সদর থানার উপপরিদর্শক (এসআই) সইবুরের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল বাখরআলি ও আলিমনগর এলাকায় যায়। এ সময় স্থানীয় প্রায় ১৫০ থেকে ২০০ জন মানুষ জড়ো হয়ে পুলিশকে আসামি গ্রেপ্তারে বাধা দেয় বলে জানা গেছে।
পরবর্তীতে আজিজুল ইসলামের অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, হামলাকারীরা বাড়িতে ঢুকে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
আজিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরিবারের সদস্যদের দাবি, হামলার পর তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের একটি অংশের ভাষ্য, বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলা নিয়ে এলাকায় আগে থেকেই উত্তেজনা ও অসন্তোষ ছিল। সেই বিরোধের জেরেই বৃহস্পতিবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন