চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর মৌলবী বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় মুহাম্মদ সুমন (৪৪) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে মৌলবী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমনকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের দাবি, তার অবস্থা আশঙ্কাজনক।
আহত মুহাম্মদ সুমনের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে ৫ থেকে ৬ জনের একটি দল পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেলাই দিতে হয়েছে।
তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের তিনি চেনেন এবং তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন