
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম শনিবার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেছেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার প্রার্থিতার মূল অঙ্গ। তিনি বলেন, “সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্ভিঘ্নে ভোগ করবেন। কোন কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে না। আমাদের লক্ষ্য নারীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পাশাপাশি বেকার যুবক-যুবতীদের জন্যও যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করা।”
তিনি আরও বলেন, “গত ২০ বছর ধরে আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতেও তাদের সেবা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে চার দিন দেশে সরকার ছিল না, সেই সময়ে আমাদের নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন। হিন্দু সম্প্রদায়ের লোকজনও এই এলাকায় নিরাপদে তাদের জীবনযাপন করতে পারবেন।”
শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে মোংলা বন্দরের আধুনিকায়ন, ইপিজেড সচল করা এবং কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেন। তিনি জনগণের কাছে সমর্থনের প্রত্যাশা প্রকাশ করে বলেন, “আপনারা আমাকে সমর্থন দিবেন, আমরা একসাথে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”
সভায় হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ সভাপতিত্ব করেন। প্রধান অথিতির বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন গোলদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তুম আলী, রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার। এছাড়াও হুড়কা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, “বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। আমাদের পাশে থাকুন, আপনার দোয়া ও সহযোগিতা আমাদের শক্তি বৃদ্ধি করবে।”
সভায় উপস্থিত বিপুলসংখ্যক নারী-পুরুষ এবং নেতাকর্মী তার প্রতি সমর্থন জানান। শেখ ফরিদুল ইসলাম এ ধরনের জনগণের উৎসাহ ও সমর্থনকে উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে অভিহিত করেন।
মন্তব্য করুন