জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মে দেশপ্রেম, সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা রয়েছে। এসব চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নজরুল চর্চা আরও বাড়াতে হবে।
বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানার সুযোগ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে নজরুলের রচিত গান ও কবিতা নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত পালিত হচ্ছে। এর অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ও প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন