চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার দাবিতে আন্দোলনের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা বাগানে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শ্রমিকেরা।
এর আগে গত ৩১ আগস্ট শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মানববন্ধন ও র্যালি করেন। কর্মসূচি শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অপর একটি পক্ষের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গীতা রানী কানুসহ ১০ থেকে ১২ জন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে। পরে ওই ঘটনার জেরে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, ওই মামলায় গীতা রানী কানুকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “চা শ্রমিক ইউনিয়নের দায়ের করা ভাঙচুর মামলায় গীতা কানুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন