গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। গত দুই দিনে উপজেলার চাঁপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে ওইসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, শিয়ালগুলো দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন বসতবাড়ির আশপাশে ঘোরাফেরা করছে। এ সময় তারা মানুষ ও গবাদিপশুকে কামড়ে আহত করছে বলে অভিযোগ রয়েছে।
আহতদের মধ্যে দ্বীন ইসলাম (১২), মফিজ মাস্টার (৪০), শারমিন (৩৫), আলমাস (৩৮), আলী হোসেন (৩৫), মিম (৫) ও হরিদাসী (৬০) রয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। আহতদের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁপাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. সবুর মিয়া শিয়ালের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত দুই দিনে ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় শিয়ালের বিচরণ বেড়েছে। এতে বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন