মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের সমস্যা, সম্ভাবনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।
সভায় মাগুরা জেলা চেম্বারের সভাপতি আখতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, পুলিশ সুপারের প্রতিনিধি, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ, মাগুরা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীসহ চার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভা শেষে জেলা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভা এবং মাগুরা জেলার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারদর মনিটরিং সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন