নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং থানায় মামলা না নেওয়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাদের সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
সাংবাদিক নেতাদের অভিযোগ, হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে সোনাইমুড়ী থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মামলা গ্রহণ না করে অভিযোগটি রেখে দেন। তাদের দাবি, ঘটনার চার দিন অতিবাহিত হলেও মামলা গ্রহণ না করে তদন্তের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, হামলায় আহত সাংবাদিকদের বিরুদ্ধেই কোনো তথ্য-প্রমাণ ছাড়াই চাঁদাবাজির অভিযোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ‘চড়ুইভাতি পার্টি সেন্টারে’ সংঘটিত হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পুলিশ এখনো সংগ্রহ করেনি বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি কিংবা হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগের।
তারা ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সাংবাদিকদের করা অভিযোগ যথাযথভাবে তদন্তের দাবি জানান।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদ প্রকাশের কারণে হয়রানি বা হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সোনাইমুড়ীর ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন