‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাচিলাপুর বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন ১০০টি গাছের চারা রোপণ করা হয়।
র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক (টিআই) সুজন মিত্র, নারী প্রশিক্ষক (টিআই) সামছুন্নাহার, শ্রীপুর সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম ও সহকারী ইউনিয়ন আনসার কমান্ডার আলিম মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আনসার কমান্ডার, দলনেতা, দলনেত্রী এবং আনসার-ভিডিপির সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
মন্তব্য করুন