চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫৯ বিজিবি জানায়, গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি চালায়।
এ সময় মো. কালাম (৩২) ও মো. সালাউদ্দিন (২৮) নামে দুজনকে আটক করা হয়। তারা ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের বাসিন্দা। তাদের দুজনের বাবার নাম মৃত সাইদুর রহমান।
বিজিবি জানায়, আটকের সময় তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন