সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে সাভার পৌর বিএনপি ও সাভার উপজেলা বিএনপির উদ্যোগে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের প্রতিবাদ ও ক্ষোভের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। কোনো ধরনের নৈরাজ্য বা সহিংসতার মাধ্যমে জনগণের অধিকার দমিয়ে রাখা যাবে না।”
এ সময় সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, “জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি ও প্রতিবাদ জানিয়ে যাব।”
সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান বলেন, “তরুণ প্রজন্ম গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করে। সেই লক্ষ্যেই আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম কামাল (কামাল হোসেন), সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার এবং আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন