কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরতে সমুদ্রে যায়। ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে তীরে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল ফিশিং বোটটির সন্ধান পাওয়া যায়। পরে বোটসহ ১৩ জেলেকে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের জরুরি সহায়তা দিতে কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন