কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে ‘ব্রি অঙ্গ (পার্টনার প্রকল্প) গোপালগঞ্জ’-এর আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় চলতি আমন মৌসুমে নতুন ও উচ্চফলনশীল জাতের মেগা ভ্যারাইটি ‘ব্রি ধান-১০৩’ চাষে উৎসাহিত করতে প্রদর্শনীভুক্ত ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
উপকরণ সহায়তা হিসেবে নির্বাচিত প্রতিটি কৃষককে ১০ কেজি করে ব্রি ধান-১০৩ এর বীজ এবং প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি, এমওপি, জৈব, জিপসাম ও জিংক সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, প্রচলিত অন্য যেকোনো আমন ধানের জাতের তুলনায় ব্রি ধান-১০৩ এর উৎপাদন ক্ষমতা ও ফলন অনেক বেশি। এ কারণে এটিকে একটি সম্ভাবনাময় ‘মেগা ভ্যারাইটি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে এলাকায় এ জাতের বিস্তার ঘটবে এবং স্থানীয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রদর্শনীভুক্ত কৃষকবৃন্দ এবং সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন