চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের বিশেষ সুযোগ চালু করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি, আনন্দ ও বিনোদনের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) দারুল হিকমা মাদ্রাসার ১০ জন শিক্ষার্থী নাহার পার্কে বিনা মূল্যে বিভিন্ন রাইডে ভ্রমণের সুযোগ পেয়েছে। মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে শিক্ষার্থীরা পার্কে গিয়ে আনন্দঘন সময় কাটায়।
নাহার পার্কের চেয়ারম্যান জসিম উদ্দিনের বিশেষ সহযোগিতা ও উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ভ্রমণের এ ব্যবস্থা করা হয়। কার্যক্রমটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন।
মুহাম্মদ আকতার উদ্দিন জানান, পটিয়া উপজেলার যেকোনো মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করতে পারবে। কোনো মাদ্রাসার শিক্ষার্থীরা নাহার পার্কে ভ্রমণে যেতে চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদনের সুযোগ করে দিতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগে আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য নাহার পার্কের চেয়ারম্যান জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ আকতার উদ্দিন।
মন্তব্য করুন