চাঁপাইনবাবগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ও ‘প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতা-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান এবং নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক।
এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। এর মধ্যে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জেলার শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. শামীম। দ্বিতীয় হয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. শামীম আহমেদ সিফাত এবং তৃতীয় স্থান অর্জন করেছে কালেক্টরেট ইংলিশ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. কাফিফ আল আবিদ রনক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের এ অর্জন পুরো জেলার জন্য গর্বের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে কৃতী শিক্ষার্থীদের শুভকামনা জানান বক্তারা।
মন্তব্য করুন