চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. চুনু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটের দিকে সদর মডেল থানার পাঠানপাড়া এলাকায় ফুড অফিসসংলগ্ন মহানন্দা ডিজিটাল সাইন নামের প্রেসের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. শাকিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথোনীপাড়া এলাকার মো. তসলিমের ছেলে মো. চুনুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন